আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ করল তালেবান

বাংলা রিডার ডেস্ক
আফগানিস্তানজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। কয়েক সপ্তাহ আগে ধাপে ধাপে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার পুরো দেশেই ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লক্স।

মোবাইল, স্যাটেলাইট টিভিও কার্যত অচল

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তারা কাবুল অফিসের সঙ্গেও যোগাযোগ হারিয়েছে। মোবাইল ইন্টারনেট, টেলিফোন সংযোগ এবং স্যাটেলাইট টিভি সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

তালেবান প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি। তবে একাধিক সূত্র জানায়, টেলিযোগাযোগ পরিষেবা “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” বন্ধ থাকবে।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টা নাগাদ দেশের বিভিন্ন স্থানে ফাইবার-অপটিক ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ব্যাংকিং, ব্যবসা এবং দৈনন্দিন সেবাক্ষেত্রে এর প্রভাব মঙ্গলবার সকাল থেকে ভয়াবহ রূপ নিতে পারে।

নেটব্লক্স এক বিবৃতিতে জানায়, তালেবান ‘নৈতিকতা সংক্রান্ত পদক্ষেপ’ বাস্তবায়নের অংশ হিসেবে পরিকল্পিতভাবে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা ধাপে ধাপে বিচ্ছিন্ন করেছে।

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ইন্টারনেট ধীরগতি বা সম্পূর্ণ বিচ্ছিন্নতা দেখা যাচ্ছিল। এবার তা দেশব্যাপী রূপ নিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ শুধু জনগণের তথ্যপ্রবাহে নয়, আন্তর্জাতিক যোগাযোগ ও মানবিক সহায়তার ক্ষেত্রেও গুরুতর বাধা তৈরি করবে।

বিজ্ঞাপন

Recommended For You