“ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা” — স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা রিডার ডেস্ক 
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, ভারতের অথবা ফ্যাসিস্ট গোষ্ঠীর ইন্ধনে পার্বত্য খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর চৌধুরী বলেন, “একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এখন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। তারা যাতে উৎসবমুখর পরিবেশে এটি উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা প্রস্তুত। কিন্তু কিছু গোষ্ঠী এই উৎসব ব্যাহত করার চেষ্টা করছে।”

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে কাজ করছেন। এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

“কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি ছুড়েছে। অনেক সময় এসব অস্ত্র দেশের বাইরে থেকে আসে,”—বলে মন্তব্য করেন উপদেষ্টা। এ ধরনের সন্ত্রাস মোকাবিলায় সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “ধর্মীয় উৎসবের সময় যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”

বিজ্ঞাপন

Recommended For You