
বাংলা রিডার ডেস্ক
দেশে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে আবারও ‘গুপ্ত স্বৈরাচার’ আবির্ভাব ঘটতে পারে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “দেশের মানুষ অতীতে তিনটি স্বৈরাচারী সরকার হটিয়েছে। কিন্তু স্বাধীনতার পর গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য না থাকায় স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠেছিল। এখনো সেই ঝুঁকি রয়েছে। তাই সতর্ক থাকতে হবে।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু মিছিল-মিটিং নয়, এখন দরকার জনগণের কাছে যাওয়া। কথার চেয়ে কাজ গুরুত্বপূর্ণ।”
বিএনপির ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “ঐক্য, জনগণ ও দেশগঠন—এই তিন মূলনীতি নিয়ে বিএনপিকে সামনে এগোতে হবে। জনগণের ইচ্ছাই হবে দলের পথনির্দেশক।”
এ সময় তিনি সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান, যেন দেশ আবার যেন কোনো স্বৈরতান্ত্রিক শাসনের কবলে না পড়ে।



