শিগগিরই উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন

বাংলা রিডার ডেস্ক
ডট বাংলা (.বাংলা) এবং ডট বিডি (.bd) ডোমেইন দ্রুত সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি এক ফেসবুক পোস্টে জানান, রেজিস্ট্রির মালিকানা বিটিআরসি ও বিটিসিএলের অধীনে রেখেই রিসেলারের মাধ্যমে ডোমেইন বিতরণ করা হবে। এ লক্ষ্যে একটি এপিআই (API) ডেভেলপ করা হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এতদিনে লক্ষাধিক .বাংলা ও .bd ডোমেইন চালু থাকার কথা থাকলেও বাস্তবে মাত্র ৪৫ হাজার ডোমেইন হোস্টেড হয়েছে। এর মধ্যে প্রায় ৩৭ হাজার ডোমেইন ব্যবহার করছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ডোমেইনের গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের কোঠায়। আওয়ামী ম্যানেজমেন্টের ব্যর্থতা এবং অযৌক্তিক বাধার কারণে এই কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল।”

তিনি আরও বলেন, “বর্তমানে অনেক প্রতিষ্ঠান বিদেশি ডোমেইন ও হোস্টিং ব্যবহার করছে, যার ফলে বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে। এই প্রবণতা কিছুটা হলেও রোধ করা দরকার।”

উপদেষ্টা জানান, .gov.bd ডোমেইন যাচাই সাপেক্ষে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত করা হবে। .edu.bd স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যাচাই করে উন্মুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। .com.bd ডোমেইন রিসেলারদের মাধ্যমে উন্মুক্ত করা হবে।

.org.bd ও অন্যান্য এক্সটেন্ডেড ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

এই উদ্যোগের মাধ্যমে দেশীয় ডোমেইন ব্যবহারে উৎসাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

Recommended For You