সেলিম আল দীনের পদক ও স্মারক ফেরতের দাবি : নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ চারজনকে আইনি নোটিশ

বাংলা রিডার ডেস্ক
বিশিষ্ট নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের পদক, পুরস্কার, নাটকের পাণ্ডুলিপি ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ফেরতের দাবি জানিয়ে নাট্যপরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ চারজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এইসব সামগ্রী ফেনীর সেলিম আল দীন যাদুঘরে সংরক্ষণের জন্য জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন কেন্দ্র, ফেনীর সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রের পক্ষে এই নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

নোটিশপ্রাপ্ত অপর তিনজন হলেন—মো. কামরুল হাসান, আব্দুস সালাম এবং নাসরিন সুলতানা বিলকিস।

“জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে”

নোটিশে বলা হয়, সেলিম আল দীন ছিলেন বিশ্বমানের নাট্যকার, গবেষক ও নির্দেশক। তিনি একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ দেশি-বিদেশি নানা সম্মাননায় ভূষিত হন এবং তার অবদানকে শ্রদ্ধা জানিয়ে ‘নাট্যাচার্য’ উপাধিতে ভূষিত করা হয়।

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে সংবিধানের ২৩ অনুচ্ছেদ তুলে ধরে বলা হয়, সেলিম আল দীনকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্তরা তার মূল্যবান স্মৃতিচিহ্ন নিজেদের কাছে রেখে দিয়েছেন, যা ধীরে ধীরে সংরক্ষণের অভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ফলে দেশি-বিদেশি গবেষক, অনুরাগী ও সাধারণ দর্শকরা এই ঐতিহ্যবাহী জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছেন।

১৫ দিনের সময়সীমা, না হলে আইনি পদক্ষেপ

নোটিশে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে, এর মধ্যে সেলিম আল দীনের সমস্ত পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও ব্যবহার্য দ্রব্যাদি সেলিম আল দীন যাদুঘরে জমা দিতে হবে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে

আইনজীবী শিহাব উদ্দিন খান জানান, নোটিশের কপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে, যেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

উল্লেখ্য, সেলিম আল দীন যাদুঘরটি ২০০৯ সাল থেকে ফেনীতে চালু রয়েছে। দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থী নিয়মিত সেখানে এলেও, বহু গুরুত্বপূর্ণ স্মারক এখনও সবার অগোচরে রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

Recommended For You