
বাংলা রিডার ডেস্ক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের ঘর থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়।
দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাবেক মন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের বাড়িতে অর্থপাচার ও বিভিন্ন ব্যবসা সংশ্লিষ্ট নথি লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তবে আগেই সন্দেহ করে ইলিয়াস ওই নথিগুলো সরিয়ে তার পরিচিত এক ব্যক্তি ওসমান তালুকদারের বাড়িতে রেখে আসেন। দুদক পরে তালা ভেঙে সেখান থেকে নথিভর্তি ২৩টি বস্তা উদ্ধার করে।
মশিউর রহমান বলেন, “জব্দ করা নথিগুলোতে বিদেশে অর্থপাচার ও দেশীয় ব্যবসা-বাণিজ্যের নানা কাগজপত্র রয়েছে। এগুলো বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।”
এর আগে ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় দুদক জাবেদের দুই ঘনিষ্ঠ সহযোগী—আরামিট পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক উৎপল পাল এবং আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে গ্রেফতার করে। আদালতের অনুমতিতে তাদের পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। এই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই চালানো হয় নথি উদ্ধারের অভিযান।
উল্লেখ্য, চট্টগ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪-২০১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯-২০২৩ পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২4 সালের ৭ অক্টোবর আদালত তার ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অর্থপাচার করে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।


