আওয়ামী লীগের বিষয়ে বিচারেই সিদ্ধান্ত আসতে হবে: নাহিদ ইসলাম

বাংলা রিডার ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে বিচার হওয়া প্রয়োজন। তিনি মনে করেন, শুধুমাত্র নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ ব্যাপারে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসা উচিত।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে একই দিন সকালে ৪৭ নম্বর সাক্ষী হিসেবে নাহিদ ইসলামকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জেরা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়, এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

নাহিদ বলেন, “নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অস্থায়ী ব্যবস্থা। দলীয়ভাবে তাদের বিচার করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ, তারা রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চালিয়েছে। জনগণের ওপর পরিচালিত নিপীড়নের দায় দল হিসেবে আওয়ামী লীগেরই।”

তিনি আরও বলেন, “আদালতের কাছে আমরা আবেদন করব, কারণ এখন যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য। এর দায় দল হিসেবেই আওয়ামী লীগের।”

গত বছরের জুলাই-আগস্টে হওয়া আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে বলেও মন্তব্য করেন নাহিদ।

জেরার সময় আইনজীবী আমির হোসেন প্রশ্ন করেন, “গত বছরের ৫ আগস্ট আপনার ওপর নির্যাতনের জন্য আপনি কোনো মামলা করেছেন কি না?”

উত্তরে নাহিদ বলেন, “এসব অন্যায়কে আমি ব্যক্তিগত নয়, জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ হিসেবে দেখেছি। তাই ব্যক্তিগতভাবে মামলা করিনি। তবে গুম সংক্রান্ত ঘটনায় গুম কমিশনে অভিযোগ দিয়েছি।”

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা সোয়া ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। দুপুরে সাক্ষ্যগ্রহণ শেষে বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত চলে তার জেরা। সেদিন জেরা শেষ না হওয়ায় আজ তা সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You