
বাংলা রিডার ডেস্ক
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা দ্বিতীয়বারের মতো অর্জন করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের ‘আলোকি গ্রিনহাউসে’ আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল বিজয়ের মুকুট পরিয়ে দেন মিথিলার মাথায়।
এর আগেও ২০২০ সালে মিথিলা একই খেতাব জিতেছিলেন, তবে সেবার করোনা মহামারির কারণে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি। এবার তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়।

বিজয়ের পর অনুভূতি জানিয়ে মিথিলা বলেন, “এই জয় আমি উৎসর্গ করছি আমার মাকে। তিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবচেয়ে বড় শক্তি। আমি আজ যা কিছু, তার জন্যই সম্ভব হয়েছে।”
আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে নিজের লক্ষ্য জানিয়ে মিথিলা বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। আমি মর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই।”
দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার মাধ্যমে নতুন এক ইতিহাস গড়লেন মিথিলা। এবার আন্তর্জাতিক মঞ্চে তাকে নিয়ে বাংলাদেশের প্রত্যাশাও অনেক বেশি।



