নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে: আইজিপি

বাংলা রিডার ডেস্ক
আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নির্বাচনকালীন দায়িত্ব দক্ষভাবে পালনের জন্য এই সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন ভেন্যুতে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্স পরিদর্শন শেষে আইজিপি এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনমুখী প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গত ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরি করা হচ্ছে, যারা পরবর্তীতে অন্যান্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন। এর মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে।

আইজিপি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে।”

প্রশিক্ষণের এই উদ্যোগ পুলিশ বাহিনীর সার্বিক দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

Recommended For You