
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের ইলিশ বাজারে মৌসুমের শেষ সময়ে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছুটির দিনে দেশের অন্যতম প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে ভিড় উপচে পড়লেও সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী হয়ে গেছে।
সামগ্রিক সরবরাহ সংকট সত্ত্বেও ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ কমেনি। তবে দাম বেড়ে যাওয়ার ফলে সাধারণ ক্রেতারা বাজারে ইলিশ কেনার ক্ষেত্রে হিমশিম খাচ্ছেন।
ক্রেতারা অভিযোগ করছেন, সরবরাহ সংকটের কারণে প্রয়োজনীয় পরিমাণে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাদের মতে, দেশের ভোক্তাদের চাহিদা পূরণের পর বিদেশে ইলিশ রপ্তানি করা উচিত। স্থানীয় বাজারে ইলিশের অস্বাভাবিক দামে তারা ক্ষুব্ধ, বিশেষ করে যখন প্রতিবেশী দেশে ইলিশ রপ্তানি করা হচ্ছে।
ইলিশ কিনতে আসা ঢাকা থেকে আসা ক্রেতা জাহিদুল ইসলাম বলেন, “বন্ধুদের সঙ্গে চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে এসেছি, তবে দাম শুনে ইলিশ কেনার আগ্রহ কমে গেছে। এখানকার দাম ঢাকা থেকে বেশি। আমরা ইলিশ খেতে পারছি না, অথচ সরকার পাশের দেশে ইলিশ রপ্তানি করছে। সরকারের উচিত ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখা।”
এদিকে, ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, শুক্রবার বড় স্টেশন মাছঘাটে মাত্র ৩০০ মণ ইলিশ সরবরাহ করা হয়েছিল, অথচ মৌসুমের এই সময়ে সরবরাহ সাধারণত ১,০০০ থেকে ১,৫০০ মণ হয়। বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৩০০ থেকে ২,৪০০ টাকায়, আর ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম দুই হাজার টাকায় পৌঁছেছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, প্রতিবেশী দেশে ইলিশ রপ্তানির কারণে চাঁদপুরের মাছঘাটে বাজারে কোনো প্রভাব পড়েনি। মূলত ইলিশ সরবরাহ কম থাকায় দাম নিয়ন্ত্রণে আসছে না। তবে মৌসুমের আর কিছু দিন বাকি থাকায়, সরবরাহ কিছুটা বাড়তে পারে বলে তিনি আশাবাদী।


