ভারতের খেলোয়াড়েরা হাত না মেলানোয় শাস্তি পাবে? কী বলছে আইসিসি নিয়ম

বাংলা রিডার ডেস্ক
ভারত-পাকিস্তান মানেই মাঠে উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ। তবে এবারের এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে খেলায় নয়, বরং ম্যাচ-পরবর্তী সৌজন্য আচরণ।

দুবাইয়ে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের ১২৮ রানের লক্ষ্য মাত্র ১৫.৫ ওভারে টপকে যায় ভারত। সূর্যকুমার যাদব ছক্কা মেরে জয় নিশ্চিত করতেই ভারতীয় দল দ্রুত মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যায়। পাকিস্তানের খেলোয়াড়েরা তখনো মাঠে দাঁড়িয়ে—হাত মেলানোর অপেক্ষায়।

কিন্তু হয়নি কোনো করমর্দন, হয়নি কোনো দৃষ্টিবিনিময়ও। পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি এমন আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভিডিও ছড়িয়ে পড়তেই পাকিস্তানের ক্রিকেট মহলে ক্ষোভের ঝড়।

প্রধান কোচ মাইক হেসন একে বলছেন “হতাশাজনক”। সাবেক তারকা শোয়েব আখতার অভিযোগ তুলেছেন—“খেলায় রাজনীতি এনেছেন সূর্যকুমার।” রশিদ লতিফ বলেছেন, “ভারতের খেলোয়াড়েরা বিশ্বের সেরা হতেই পারে, কিন্তু খেলার পর যখন করমর্দন করে না, তখন তাদের প্রকৃত মানসিকতা প্রকাশ পায়।”

পাকিস্তানি ভক্তরা এই আচরণকে বলছেন “অখেলোয়াড়সুলভ”। অন্যদিকে, ভারতীয় ভক্তদের বড় অংশ মনে করছেন, এই সিদ্ধান্তে কোনও ভুল নেই—তাঁদের মতে, দলের অবস্থান দেশের আবেগের প্রতিফলন।

এখন প্রশ্ন উঠছে—এই ঘটনায় ভারতের বিরুদ্ধে কি আইসিসি কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে?

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ম্যাচ শেষে তারা আনুষ্ঠানিক অভিযোগ করেছে। এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), তবে যেহেতু এটি আন্তর্জাতিক ম্যাচ, তাই আইসিসির আচরণবিধিই এখানে প্রযোজ্য।

তবে নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে করমর্দন বাধ্যতামূলক নয়। এটিকে সৌজন্যের অংশ হিসেবে ধরা হয়। আইসিসির আচরণবিধির শুরুতেই বলা আছে—খেলোয়াড়দের উচিত প্রতিপক্ষ, আম্পায়ার এবং ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তু করমর্দন না করা মানেই নিয়ম লঙ্ঘন—এমনটা বলা হয়নি।

ফলে আইনগতভাবে ভারতীয় দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। আইসিসি চাইলে ‘সতর্কবার্তা’ বা ‘মৃদু তিরস্কার’ দিতে পারে, তবে বড় কোনও পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

তার ওপর, আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয়। তাই অনেকেই মনে করছেন, সংস্থাটি এই ঘটনা নিয়ে কঠোর অবস্থান নেবে না।

বিজ্ঞাপন

Recommended For You