মতলবে একরাতে ১০টি ঘরে সিঁধেল চুরি, আতঙ্কে এলাকাবাসী

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের মতলব পৌরসভা এলাকায় একরাতে তিনটি গ্রামের ১০টি ঘরে সিঁধ কেটে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবকলস, উত্তর নলুয়া ও মোবারকদী গ্রামে একাধিক বাড়িতে পুরনো ‘সনাতন’ পদ্ধতিতে সুরঙ্গ কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মূল্যবান পোশাক—সব মিলিয়ে যার পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।

যেসব বাড়িতে চুরি হয়েছে: নবকলস গ্রাম: রাজমিস্ত্রি হাবিব উল্লাহ, সোবহান, সুশীল, উত্তর নলুয়া গ্রাম: বাশার বেপারী, মোবারকদী গ্রাম: লোকমান গাজী, আবুল হাসেম প্রধানিয়া, জয়দল গাজী, মাস্টার বাড়ির খালেক।

ক্ষতিগ্রস্ত সুশীল বলেন, “আমার ঘরের দুটি জায়গা সুরঙ্গ কেটে ভেতরে ঢুকে মোবাইল ফোন ও বেশ কিছু পোশাক নিয়ে গেছে।” অন্য ভুক্তভোগীরাও একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এলাকাবাসীর দাবি, চোরেরা ‘সিঁধকাঠি’ নামের একটি বিশেষ শাবল বা দণ্ড ব্যবহার করে মাটি ও কাদা সরিয়ে ঘরের নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে। এভাবে তারা ঘুমন্ত পরিবারের নজর এড়িয়ে চুরি চালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বিপ্লব বলেন, “নব্বইয়ের দশকের পর এমন ভয়াবহ সিঁধেল চুরি আমরা আর দেখিনি। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
এলাকাবাসীর অভিযোগ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গভীর রাত পর্যন্ত এলাকায় ঘোরাঘুরি দেখা যায়। চুরির সঙ্গে এদেরই সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

স্থানীয় আরেক বাসিন্দা নাজমুল হক বলেন, “এভাবে সিঁধ কেটে চুরির ঘটনা বহু বছর পর ঘটেছে। এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার।”

মতলব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ জানান, “চুরির বিষয়ে কেউ সরাসরি থানায় জানায়নি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেব। এরই মধ্যে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।” তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা রোধে এলাকাবাসীকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”

এলাকাবাসীর দাবি ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেফতার, এলাকায় নিয়মিত টহল এবং রাত্রীকালীন পাহারার ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

Recommended For You