
বাংলা রিডার ডেস্ক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ‘পিআর পদ্ধতি’র নামে আসন্ন নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এই দেশের মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে সঠিকভাবে জানে না। অথচ একটি দল সেটিকে সামনে এনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে।”
বরকত উল্লাহ বুলু আরো বলেন, “বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছে। অনেক নেতা-কর্মী বাবার জানাজা পর্যন্ত অংশ নিতে পারেননি। রাজপথ আর কারাগারই ছিলো আমাদের দেখা হওয়ার একমাত্র জায়গা।”
তিনি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করে বলেন, “চাঁদপুরে আজকের এই সম্মেলন মানিক সাহেবের ১৭ বছরের রাজনীতির প্রতিফলন। মনোনয়নের প্রশ্নে তিনি বলেন, বিএনপি মনোনয়ন দেবে সেইসব নেতাদের, যাদের জনগণের সঙ্গে সম্পর্ক রয়েছে।”
বুলু অভিযোগ করে বলেন, “শেখ হাসিনা হাইব্রিডদের রাজনীতিতে স্থান দিয়েছিলেন বলেই একসময় দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। হাইব্রিডরাও তখন সঙ্গ ছেড়েছিল।”
তিনি আরও বলেন, “১৯৮৬ সালে শেখ হাসিনা জাতীয় পার্টির অধীনে নির্বাচনে যাওয়াকে বিশ্বাসঘাতকতা বললেও, পরে তিনিই সেই নির্বাচনে অংশ নেন। অথচ বিএনপি তখন নির্বাচন বর্জন করে।”
বরকত উল্লাহ বুলু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তার ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উত্তরণে পথ দেখান।”
তিনি বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, “প্রধানমন্ত্রী থাকাকালে তিনি উপবৃত্তি, বিনামূল্যে বই, বিনা বেতনে পড়াশোনার সুযোগ, নারী শিক্ষা প্রসার এবং ভ্যাট চালুর মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।”
সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, কেন্দ্রীয় সদস্য মোশারফ হোসেন, মাহবুবুর রহমান স্বপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতা।
পৌর বিএনপির নতুন কমিটি: সভাপতি: আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক: অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক: শরীফ উদ্দিন পলাশ, অন্যান্য পদে: আফজাল হোসেন, আসহান উল্যাহ সেন্টু, ইমান হোসেন প্রমুখ।
সদর উপজেলা বিএনপির কমিটি: সভাপতি: শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক: হযরত আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক: অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী।
সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী। এছাড়া সভায় প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।
সম্মেলনে পৌর বিএনপির নেতারা লাল টুপি এবং সদর উপজেলা বিএনপির নেতারা নীল টুপি পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন। এতে সমাবেশস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।



