
বাংলা রিডার ডেস্ক:
আজ শনিবার, ১২ রবিউল আউয়াল। এই দিনেই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাত সংঘটিত হয়েছিল। মহানবী (সা.)-এর জীবন ছিল মানবতার সর্বোচ্চ আদর্শ, যা কোরআনে ‘উসওয়াতুন হাসানাহ’ অর্থাৎ সুন্দরতম আদর্শ হিসেবে বর্ণিত হয়েছে। তিনি শান্তি, ন্যায়, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন এই পৃথিবীতে।
সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে। ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন এদিনের তাৎপর্য উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, আলোচনা সভা, কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও বিশেষ দোয়া।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে। গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদের পূর্ব সাহানে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এ কর্মসূচির। এতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার প্রধান অতিথি ছিলেন এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।
এছাড়া রয়েছে ওয়াজ, দোয়া মাহফিল, ইসলামী বইমেলা, কবিতা পাঠ, হামদ-নাত মাহফিল, এবং ক্বিরাত ও বক্তৃতা প্রতিযোগিতা। দেশের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও নানা অনুষ্ঠানমালা চলছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রফেসর ইউনূস বলেন, নবীজি (সা.)-এর অনুপম আদর্শ আজকের দুনিয়ায় শান্তি ও ন্যায়ের পথ দেখাতে পারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে মহানবীর (সা.) আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল, কারাগার, শিশু সদন, বৃদ্ধাশ্রম এবং মাদক নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।



