কাউন্টিতে হাসানের আগুনঝরা বোলিংয়ে ধসে গেল উস্টারশায়ার

বাংলা রিডার ডেস্ক
কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে কেন্টের হয়ে ৪ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার।

কেন্টের হয়ে নতুন বলে আক্রমণাত্মক বোলিংয়ের পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন হাসান। তার নিয়ন্ত্রিত গতি ও ধারালো বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে উস্টারশায়ার।
তার বোলিংয়েই প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ২১৭ রানে আটকে দিয়ে লিড পেয়েছে কেন্ট।
সেন্ট লরেন্স গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিনেই জোড়া আঘাত হেনেছিলেন হাসান।

পরপর দুই বলে জ্যাক লিব্বির স্ট্যাম্প ভেঙে দেওয়ার পর রেহান এডভালথকে এলবিডব্লিউ করে ফেরান তিনি। তাতেই উস্টারশায়ারের ব্যাটিং লাইনআপে শুরু হয় চাপ।
দ্বিতীয় দিনেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন বাংলাদেশের এই পেসার। অফ স্ট্যাম্পের বাইরের বলে ম্যাথু ওয়েটকে বোল্ড করেন হাসান।

২৯ বলে ১৫ রান করে ফেরেন এই ব্যাটার। এরপর উস্টারশায়ারের শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। সব মিলিয়ে ৬৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে কেন্টের সেরা বোলার হাসান। তার সঙ্গে ম্যাট মিলনেস ৩টি এবং কিথ ডাজন ২টি উইকেট নেন।
হাসানের বোলিংয়ের সামনে উস্টারশায়ারের ইনিংস থামে ২১৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ড্যানিয়েল লেটগান, অ্যাডাম হুসের ব্যাট থেকে আসে ৫০ রান। আর কোনো ব্যাটার ২০ রানের ঘরও পেরোতে পারেননি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয়েছিল কেন্ট। ফলে ২১ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে কেন্টের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। এতে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২১৮ রানে।

বিজ্ঞাপন

Recommended For You