
বাংলা রিডার ডেস্ক:
রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় পার্টির অফিস ভবনের বিভিন্ন তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় পার্টির অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের কিছুক্ষণ পর একদল লোক মিছিল নিয়ে হঠাৎ কার্যালয়ের সামনে হাজির হয় এবং ভাঙচুর শুরু করে। নিচতলা থেকে শুরু করে ৫ম তলা পর্যন্ত অফিসের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে তারা নিচতলায় আগুন ধরিয়ে দেয়।
পুলিশ এসে হামলাকারীদের সরিয়ে দেয় এবং জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।
রিকশাচালক আক্কাস, যিনি ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন,“একদল লোক হঠাৎ এসে পুলিশের বাধা অমান্য করে অফিসে ঢুকে পড়ে। তারপর নিচতলায় আগুন লাগিয়ে দেয়।”
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূঁইয়া অভিযোগ করে বলেন, “গণঅধিকার পরিষদের ব্যানারসহ মিছিল নিয়ে তারা হামলা চালিয়েছে এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে কার্যালয়ে আগুন দেয়।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার কারণে টার্গেট করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি এখন গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিরোধী দলে আসবো—এই ভয় থেকেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।”
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “একটি দল এসে অফিসে আগুন লাগিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, হামলাকারীদের সরিয়ে দিই এবং জলকামান দিয়ে আগুন নিভিয়ে ফেলি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পুলিশ। ঘটনার পেছনের প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।



