
বাংলা রিডার ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও বিদায় অনুষ্ঠান ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “এক মহান ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন, তা শুধু একটি নাম বা একটি সময়ের স্মৃতিতে সীমাবদ্ধ নয়। এটি আত্মবিশ্বাস, মর্যাদাবোধ, স্বাধীনতার আকাঙ্ক্ষা, দেশপ্রেম এবং প্রতিকূল সময়েও অবিচল থাকার এক অনন্য প্রেরণা।”
মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার রাতে তেহরানে বিপ্লবের শহীদ নেতার বিদায় ও জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়া লাখো শোকাহত কিন্তু গর্বিত ইরানির একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আজ ইরানিরা ইরানের রাজধানীতে এমন এক মহান নেতাকে বিদায় জানিয়েছে, যার মতো মানুষ ইতিহাস খুব কমই সৃষ্টি করেছে। এই অনন্য বিদায়ের মুহূর্তে ঠোঁটে প্রার্থনা, আর দৃষ্টি প্রসারিত দিগন্তের দিকে; যেন ইতিহাস এক মুহূর্তের জন্য থেমে গেছে, নিজের খাতার আরেকটি পাতা উল্টানোর জন্য।’
ইসমাইল বাঘাই আরো লেখেন, ‘মাটি দেহগুলোকে বুকে ধারণ করে, কিন্তু যে চিন্তাধারা একটি জাতিকে আত্মবিশ্বাস, স্বাধীনতা রক্ষা এবং আদর্শের পথে অবিচল থাকার আহ্বান জানায়, তা সময়ের প্রবাহে কখনো ক্ষয়প্রাপ্ত হয় না।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘যদি কোনো সরল বৃক্ষ বাগান থেকে চলে যায়, তবুও সে পরবর্তী চারা গাছগুলোর জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার শিক্ষা রেখে যায়। আর যে বীজ মাটিতে যায়, তা আবার স্বাধীনচেতা মানুষের বিবেকে নতুন অঙ্কুর হয়ে ফিরে আসে। এটাই এমন এক উত্তরাধিকার, যার ওপর বছরের ধুলো কখনো জমে না।’



