
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য এবং ভার্জিনিয়ার বাসিন্দা।
একই ঘোষণায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নিয়োগের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন স্টেট ডিপার্টমেন্টের বর্তমান মুখপাত্র ট্যামি ব্রুস, যাকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে এবং সের্গেই গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। এসব মনোনয়ন এখন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রোফাইল অনুযায়ী, তিনি এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের শুরুর দিকে তিনি স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন।
তার অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে উল্লেখযোগ্য: ডেপুটি ডিরেক্টর, আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়, ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স (২০১৬–২০১৯), পিয়ারসন ফেলো, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপ-কমিটি (২০১৫–২০১৬), বিশেষ সহকারী, উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধি, সাইবার কো-অর্ডিনেটর, ব্যুরো অব ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্স, মার্কিন দূতাবাসে বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক পদে কাজ করেছেন ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ এবং হো চি মিন সিটিতে।
উল্লেখ্য, পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করেন। তার পর থেকে এই পদটি খালি রয়েছে। বর্তমানে লিসা জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন, যা শুরু হয় ২০২৫ সালের জানুয়ারিতে।


