
বাংলা রিডার ডেস্ক
বিশ্বকাপের জে গ্রুপে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে শক্তিশালী বার্তা দিয়েছে লাতিন আমেরিকার দলটি।
ম্যাচের তিনটি গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
তার অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভাসেন গ্যালারিতে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকরা।
সেই আনন্দের অংশীদার ছিলেন দেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম।
তারা সরাসরি স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেন এবং আর্জেন্টিনার প্রতিটি গোলেই উল্লাসে মেতে ওঠেন।
ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন নাদিয়া।
সেখানে আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘আমরা জয়ী, আর্জেন্টিনা দল।’
শেয়ার করা ছবিতে দেখা যায়, নাদিয়ার গায়ে আর্জেন্টিনার জার্সি, আর নাঈম পরেছেন দলের পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে আকাশি রঙের টি-শার্ট। দুজনকেই স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণভরে উদযাপন করতে দেখা যায়।



