বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ—কারা পাবে, কেমন হবে

বাংলা রিডার ডেস্ক

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে এ কর্মসূচি চালু হওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে দেশের ৮টি বিভাগের ২৫টি উপজেলা ও থানার সাড়ে তিন হাজারের বেশি বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে পোশাক, জুতা ও ব্যাগ।

শুরুতেই প্রায় এক লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে বলে জানা গেছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষার্থীদেরও এ কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় পোশাকের রং, ডিজাইন; পাটের ব্যাগের নমুনা দেখানো হয়। পাশাপাশি কোন বিভাগের, কোন জেলার কোন উপজেলা বা থানার কতটি বিদ্যালয়ে এ পোশাক দেওয়া হবে, তাও জানানো হয়।

কেমন হবে স্কুল ড্রেস
দেশের সব বিদ্যালয়ের পোশাকের ডিজাইন একই রকম হবে। রংও একই হবে। ছেলেদের এবং মেয়েদের পোশাক ভিন্ন হবে। ছেলে ও মেয়েদের পোশাকের রংও ভিন্ন হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পোশাকের ডিজাইন ও রং দেখানো হয়। তাতে দেখা যায়, মেয়েদের জন্য ফ্রক ও হাফপ্যান্ট এবং ছেলেদের জন্য হাফ হাতার শার্ট ও হাফপ্যান্টের দুটি ডিজাইন চূড়ান্ত করা হয়েছে।

মেয়েদের ফ্রকের রং আকাশি বা হালকা নীল। ডিজাইন-১ এ হালকা নীল রঙের ফ্রকের কলার, হাতার ব্যান্ড, কোমরের বেল্টে গাঢ় নেভি ব্লু রং ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সামনে দুটি পকেট রাখা হয়েছে। ডিজাইন-২ এ সবই এক থাকলেও কলার, হাতার ব্যান্ড ও বেল্টে হালকা ব্লু রং ব্যবহার করা হয়েছে। মেয়েদের হাফপ্যান্টের রং একটি নীল এবং আরেকটি গাঢ় নেভি-

ছেলেদের জন্য করা ডিজাইন-১ এ রয়েছে আকাশি বা হালকা নীল রঙের হাফহাতা শার্ট। তাতে একটি পকেট। কাঁধে (সোল্ডার), হাতার ব্যান্ড ও পকেটের ওপরে গাঢ় নীল রং থাকবে।

সভায় জানানো হয়, ছেলে-মেয়ে উভয়ের জন্য সাদা জুতা ও সাদা মোজা। পাশাপাশি পাটের তৈরি দুই ধরনের ব্যাগের নমুনা দেখানো হয়। একটি ব্যাগের সামনের দিকে ওপরে নেভি-ব্লু এবং নিচে সাদা, সবুজ, লাল ও হলুদের ডিজাইন করা। অন্যটি সামনের ওপরের অংশে মিষ্টি রঙের এবং নিচে লাল, খয়েরি ও সাদা রঙের ডিজাইন করা।

প্রথম ধাপে কারা বিনামূল্যে স্কুল ড্রেস পাবে
প্রথম ধাপে দেশের ৮টি বিভাগের ২৫টি উপজেলা বা থানার ৩ হাজার ৫২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুধু প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এ পোশাক, জুতা ও ব্যাগ দেওয়া হবে। মোট ৯৯ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী এসব উপকরণ পাবে। তাদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ২০২ জন এবং ছাত্রী ৫২ হাজার ৬৮১ জন।

ঢাকা বিভাগ
ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ছয়টি থানা/উপজেলার বিদ্যালয়ে পোশাক দেওয়া হবে। সেগুলো হলো- ঢাকা মহানগরের মোহাম্মদপুর, গুলশান, মিরপুর, ক্যান্টনমেন্ট এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলা এবং মুন্সিগঞ্জ সদর উপজেলায় পোশাক, জুতা ও ব্যাগ দেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগ
কক্সবাজারের চকরিয়া, চাঁদপুরের কচুয়া, লক্ষ্মীপুর সদর, চট্টগ্রাম বন্দর থানা বা উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম ধাপে পোশাক পাবে।

রংপুর বিভাগ
রংপুর বিভাগের দুটি উপজেলায় স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ বিতরণ করা হবে। সেগুলো হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার ৪০৭টি বিদ্যালয় এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭৪টি বিদ্যালয় এসব উপকরণ পাবে।

রাজশাহী বিভাগ
রাজশাহীর বিভাগের দুটি জেলার চারটি উপজেলায় বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে। সেগুলো হলো- বগুড়ার গাবতলী, কাহালু, শিবগঞ্জ এবং সিরাজগঞ্জ সদর উপজেলা।

খুলনা বিভাগ
খুলনা বিভাগের তিনটি জেলার তিনটি উপজেলায় প্রথম ধাপে স্কুল ড্রেস বিতরণ করা হবে। সেগুলো হলো- খুলনার রূপসা, ঝিনাইদহের শৈলকূপা ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা। এসব উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় এসব উপকরণ পাবে।

বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের দুটি উপজেলা স্কুল ড্রেস বিতরণ কর্মসূচিতে প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো- বরিশাল সদর উপজেলা এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলা।

সিলেট বিভাগ
সিলেট বিভাগের দুই জেলার দুটি উপজেলা নির্বাচিত হয়েছে। সেগুলো হলো- সিলেট সদর উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা। দুই উপজেলায় যথাক্রমে ১২৪ ও ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যারা বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ পাবে।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহের নেত্রকোনা জেলার সদর উপজেলার ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহ সদর উপজেলার ১৮৬টি বিদ্যালয়ে এসব পোশাক, জুতা ও ব্যাগ বিতরণ করা হবে।

এক শ্রেণিতে এক সেট পোশাক পাবে শিক্ষার্থীরা
আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রত্যেক শিক্ষার্থী এক শ্রেণিতে এক সেট পোশাক পাবে। এটা পাইলট প্রোগ্রামের সিদ্ধান্ত। পরবর্তীসময় আমরা দেখবো আমাদের সক্ষমতা কতটা বাড়ে; আমরা আরও বেশি দিতে পারি কি না। তবে প্রথমে এক সেট করে ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়া হবে।

কবে থেকে বিনামূল্যে স্কুল পোশাক বিতরণ শুরু হবে এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা জুলাই থেকে এটা শুরু করবো। এটা পাইলট প্রোগ্রাম। প্রথমে আটটি বিভাগেরই সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের পর আমরা ইবতেদায়ি মাদরাসাগুলো ইনক্লুড করবো।

বেসরকারি বিদ্যালয়ে দেওয়া হবে কি না, এমন প্রশ্নে এহছানুল হক মিলন বলেন, আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি পাবে। এরপর আমরা বেসরকারি বিদ্যালয়ের দিকে যাবো। প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলো শেষ করার পর মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে পোশাক বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

Recommended For You