
বাংলা রিডার ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১,০০০ জন।
সোমবার (১ সেপ্টেম্বর) কাবুলভিত্তিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (RTA) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটি গভীর রাতে হওয়ায় অনেকেই ঘুমন্ত অবস্থায় ক্ষতিগ্রস্ত হন। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে, ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পর আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.২।
নানগারহার জনস্বাস্থ্য বিভাগ জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সরকার ও আশপাশের প্রদেশ থেকে সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে।
তিনি বলেন, “জীবন রক্ষায় প্রয়োজনীয় সব সম্পদ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।” উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।


