
বাংলা রিডার ডেস্ক
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পর্যায়ে বিষয় সংখ্যা কমানোর সম্ভাব্যতা যাচাইয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এছাড়া আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যাগুলো চিহ্নিত করতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিজে বা প্রতিনিধির মাধ্যমে কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিষয় সংখ্যা কমানোর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছে, ভবিষ্যতেও সেই ধারা বজায় রাখা হবে।
তিনি আরও জানান, বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সচিব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।



