ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব: শর্ত ও সম্ভাব্য সুবিধা কী

বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তবে মার্কিন ও ইসরায়েলি সূত্রে এর গুরুত্বপূর্ণ কিছু শর্ত সামনে এসেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, প্রস্তাবটির মূল লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব সীমিত করা।

প্রস্তাবের প্রধান শর্তগুলো

প্রস্তাবে ইরানের জন্য বেশ কিছু কঠোর শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোসহ সব পারমাণবিক স্থাপনা বন্ধ ও ধ্বংস করা
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর পূর্ণ তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা
  • মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন বন্ধ করা
  • বিদ্যমান পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ বিলুপ্ত করা
  • ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার লিখিত অঙ্গীকার
  • পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ এবং বিদ্যমান উপাদান IAEA-কে হস্তান্তর
  • হরমুজ প্রণালি সব সময়ের জন্য উন্মুক্ত রাখা
  • ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে শুধুমাত্র আত্মরক্ষামূলক পর্যায়ে রাখা

শর্ত মানলে ইরান যা পেতে পারে

প্রস্তাব অনুযায়ী, এসব শর্ত মেনে নিলে ইরানকে কিছু সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। যেমন—

  • বুশেহরে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা
  • সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ভবিষ্যতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার নিশ্চয়তা

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, প্রস্তাবটি নিয়ে আলোচনা চলাকালে এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনাও রয়েছে। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ইরান সরকার—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

তথ্যসূত্র: বিবিসি।

বিজ্ঞাপন

Recommended For You