ভিয়েতনাম সফরের দল ঘোষণা, বাদ পড়লেন সোহেল রানা ও মানিক

বাংলা রিডার ডেস্ক

ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরকে সামনে রেখে ২২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ১৬ মার্চ শুরু হওয়া প্রাথমিক ক্যাম্পের ২৮ জনের তালিকা থেকে ছয়জনকে বাদ দিয়ে এই স্কোয়াড নির্ধারণ করা হয়। শুক্রবার রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

চূড়ান্ত দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা হয়নি মিডফিল্ডার সোহেল রানা জুনিয়রের। মূল পরিকল্পনায় থাকলেও অনুশীলনে চোট পাওয়ায় শেষ মুহূর্তে ছিটকে যান তিনি। এছাড়া গোলরক্ষক ইসহাক আকন্দের বাদ পড়া অনেকটাই প্রত্যাশিত ছিল।

দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া মিডফিল্ডার মানিকও চূড়ান্ত দলে জায়গা ধরে রাখতে পারেননি। ক্যাম্পে কয়েকদিন অনুশীলনের পর কোচের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় তাকেও বাদ দেওয়া হয়েছে। একইভাবে ডিফেন্ডার ইসা ফয়সাল, শাকিল হোসেন ও রফিকও স্কোয়াডে জায়গা পাননি।

সাধারণত ২৩ সদস্যের দল নিয়ে সফরে গেলেও এবার ২২ জন ফুটবলার নিয়ে ঢাকা ছাড়ছে দল। তবে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী সরাসরি ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন, ফলে কার্যত দলটি পূর্ণতা পাবে।

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত শোম, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা

বিজ্ঞাপন

Recommended For You