
বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ ২২ বছর পর আগামীকাল সোমবার খুলনাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনার উদ্দেশে রওয়ানা হবেন। দুপুর ১২টায় খুলনার খালিশপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় যশোরে গিয়ে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। দুটি সভা শেষে তিনি বিকেলেই ঢাকায় ফিরে আসবেন।
দলীয় সূত্র আরও জানায়, এসব সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পাশাপাশি অবহেলিত দক্ষিণাঞ্চলের সংকট, উন্নয়ন ভাবনা ও নির্বাচনী দিকনির্দেশনা তুলে ধরবেন তিনি।
এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে খুলনাঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে। মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মিছিল, স্লোগান ও প্রচারণার মাধ্যমে মাঠ সরগরম করে তুলেছে। দলীয় কার্যালয়গুলোতে চলছে প্রস্তুতি সভা।
শনিবার বিকেলে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় মঞ্চ নির্মাণ, মাঠের ধারণক্ষমতা, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন তারা। নেতারা জানান, এই জনসমাবেশের মাধ্যমে বৃহত্তর খুলনার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। আনুমানিক আট লাখ মানুষের উপস্থিতি টার্গেট করে সমন্বয়, শৃঙ্খলা, আবাসন, মিডিয়া ও নিরাপত্তাসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে আনা হচ্ছে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। নগরী ও আশপাশের এলাকায় মাইকিং ও প্রচারণা কার্যক্রমও শুরু হয়েছে।
খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তারেক রহমান সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবেন। তার বক্তব্য আগামী নির্বাচনে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।’
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে খুলনায় কোনো সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। সোমবার সকালে খুলনার জনসভা শেষে বিকেলে যশোর উপশহর মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।



