
বাংলা রিডার ডেস্ক
ঢাকা-করাচি রুটে আগামীকাল ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ট্রানজিট না থাকায় ভ্রমণ সময় কমবে এবং যাত্রীরা সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আপাতত সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রায় দেড় দশক পর পাকিস্তানে আবারও নামবে বিমানের যাত্রীবাহী উড়োজাহাজ। ঢাকা-করাচি-ঢাকা নন-স্টপ ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে আকাশপথ যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে করাচি পর্যন্ত ১ হাজার ৪৭১ মাইল পথ পাড়ি দিতে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলবে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের ৮০ শতাংশের বেশি আসন বুক হয়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা তিন ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং ট্রানজিটের ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, এই রুট চালু হলে শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে। দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, এর মাধ্যমে দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতদিন যাত্রীদের দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। নতুন ব্যবস্থায় রাউন্ড ট্রিপে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হয়ে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



