
বাংলা রিডার ডেস্ক
রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেবেন।
আগে সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিনে বিমানের টিকিট না পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন।
এ উপলক্ষে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশকে বৃহৎ ও ঐতিহাসিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মিজানুর রহমান (মিনু) জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই টেলিফোনে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণেই সমাবেশ এক দিন পিছানো হয়েছে।



