পলোগ্রাউন্ডে সকাল থেকেই জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বাংলা রিডার ডেস্ক
ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম মহানগরসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ মাঠে ভাষণ দেবেন।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ সমাবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মাঠজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ ও নির্বাচনি উত্তেজনা।

বিএনপি নেতারা বলছেন, এই বিশাল উপস্থিতি জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন। পলোগ্রাউন্ডের সমাবেশ থেকে নির্বাচনী মাঠে শক্ত বার্তা যাবে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে তাদের আশা।

দলীয় সূত্র জানায়, রোববার সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এদিকে মহাসমাবেশ ঘিরে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে এবং নারীদের জন্য থাকবে আলাদা ব্লক।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বাংলানিউজকে বলেন, “পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। জনসমাবেশ ঘিরে চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।”

বিজ্ঞাপন

Recommended For You