
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনি প্রচার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার (২৫ জানুয়ারি) তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনি জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
ঘোষিত সূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে আয়োজিত ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ আয়োজনে দলের নীতিনির্ধারণী বিষয়, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এ সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরসহ আশপাশের জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশে রওনা দেবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
পরবর্তী পর্যায়ে কুমিল্লার তিনটি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সমাবেশগুলো অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায়।
দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশ শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হবেন।
দলীয় নেতারা জানিয়েছেন, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এসব কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অঞ্চলের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।



