
বাংলা রিডার ডেস্ক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সাত জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন।
সমাবেশগুলোতে বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশব্যাপী খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করা হবে।
নির্বাচনী প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দিয়ে প্রচারণা শুরু করেন তিনি। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে সমাবেশে বক্তব্য দেন।
সবশেষে ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
ভোররাত পর্যন্ত সমাবেশ চলায় নেতাকর্মীদের অপেক্ষা করাতে হওয়ায় কয়েকটি সমাবেশে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তারেক রহমানকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিলেট থেকে শুরু করে টানা ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষে ভোররাতের দিকে বাসায় ফেরেন তারেক রহমান। এদিনের সফরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে, বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।



