
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
এর মধ্যে চাঁদপুর-১ আসনে ৬ জন, চাঁদপুর-২ আসনে ৮ জন, চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-৪ আসনে ৮ জন এবং চাঁদপুর-৫ আসনে ৬ জন প্রার্থী রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাঁদের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা।
এর আগে সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান।



