ভোটের প্রচার শুরু: প্রথম দিনেই ছয় জেলায় সমাবেশ করবেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই ছয়টি জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এ উপলক্ষে আজ বুধবার গুলশান–২–এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের প্রচারসূচি ঘোষণা করা হয়।

কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, আজ রাতেই তিনি বিমানে সিলেট যাবেন এবং সেখানে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।

বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে তারেক রহমান নির্বাচনী প্রচার শুরু করবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে অংশ নেবেন তিনি।

দুপুরের পর তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে সমাবেশ করবেন। সেখান থেকে নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় সমাবেশে যোগ দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে অংশ নেবেন।

ছয়টি জেলায় নির্বাচনী প্রচার শেষে বৃহস্পতিবার রাতেই তিনি ঢাকায় ফিরে আসবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরসূচির বিষয়টি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে এর আগে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং তারেক রহমানের নানির কবর জিয়ারতসহ কিছু সফর বাতিল করা হয়েছিল, যাতে বড় ধরনের জনসমাগম না ঘটে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে তারেক রহমানের সফরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যুক্ত করা হবে। সিলেট সফরে তাঁর সঙ্গে থাকবেন আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।

নির্বাচনী প্রচারের শুরুতেই বিএনপি তাদের নির্বাচনী ‘থিম সং’ উন্মোচন করবে। মাহদী আমিন জানান, আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আসন্ন নির্বাচনের বিষয়ে মাহদী আমিন বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে এবং সব রাজনৈতিক দলের প্রতি আচরণবিধি মেনে সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

Recommended For You