শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মনসুর রহমান পেশায় একজন রসায়নবিদ ছিলেন। শৈশব ও কৈশোরের একটি অংশ তিনি বগুড়া ও কলকাতায় কাটান। পরবর্তীতে পিতার কর্মস্থল করাচিতে গিয়ে শিক্ষাজীবন শেষ করেন। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন।

দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে শহীদ জিয়াউর রহমান একজন পেশাদার সৈনিক থেকে রাষ্ট্রনায়কে পরিণত হন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্বাধীনতার পর তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন উপস্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। সময়ের প্রয়োজনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

সাহসিকতা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার প্রতীক হিসেবে শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের কাছে আজও স্মরণীয়। তার রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির প্রথম দিন ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয়। এছাড়া দিনব্যাপী দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হবে।

দ্বিতীয় দিন ২০ জানুয়ারি বেলা ১১টায় শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দলের সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনগুলোকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

Recommended For You