জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই যোদ্ধাদের জন্য একটি পৃথক ডিপার্টমেন্ট গঠন করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘গণঅভ্যুত্থান ২০২৪’-এ শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “জুলাই যোদ্ধাদের পরিবার ও আহতদের কল্যাণ এবং দেখভালের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট করা হবে। ইনশাআল্লাহ, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল, যা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছে। একইভাবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের দেখভাল ও কল্যাণ নিশ্চিত করাই হবে নতুন ডিপার্টমেন্টের মূল লক্ষ্য।

তারেক রহমান বলেন, “গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের স্বজনদের যে কষ্ট, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। স্বজন হারানোর বেদনা আমি নিজেও উপলব্ধি করি। তবে রাষ্ট্রের পক্ষ থেকে অন্তত দুইভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি—এক, সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা; দুই, দলমত নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এসব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোকগাথাই আমাদের নিয়তি হবে। শোক নয়, আসুন গণতন্ত্রের বিজয়গাথা রচনা করি।”

তিনি স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করার অপচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

Recommended For You