জোট ছাড়াই নির্বাচনে ইসলামী আন্দোলন, এককভাবে লড়ার ঘোষণা

বাংলা রিডার ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে তারা আর থাকছে না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে দলটি ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে আপিলে দুইজনের মনোনয়ন বাতিল হলেও বাকি ২৬৮ জন প্রার্থী মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে ইসলাম ও ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে প্রতারণা করা তাদের পক্ষে সম্ভব নয়। ১১ দলীয় জোটে আসন বণ্টন ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দলটি মনে করেছে, তাদের মূল লক্ষ্য অর্জনের সম্ভাবনা সেখানে দুর্বল হয়ে পড়েছে। সে কারণেই তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতির চেয়ে নীতি ও আদর্শকে অগ্রাধিকার দেয়। ন্যায়বিচার ও আদর্শিক প্রশ্নে বারবার বৈরিতার মুখে পড়তে হওয়ায় এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটি শক্তিশালী হলেও ইসলামী আন্দোলন আদর্শিক ও নৈতিকভাবে কারও চেয়ে দুর্বল নয়। জামায়াতের নেতৃত্ব থেকে শরিয়াহ আইন বাস্তবায়ন না করার বক্তব্য আসায় ইসলামী আন্দোলন নিশ্চিত হয়েছে যে, তাদের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য ওই জোটে থেকে অর্জন করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে তিনি পুনর্ব্যক্ত করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ঘোষিত আদর্শ ও লক্ষ্য থেকে বিচ্যুত হবে না এবং নির্বাচনে পূর্ণ শক্তি নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন

Recommended For You