প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ সন্ধ্যায়

বাংলা রিডার ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এসব বৈঠক ছিল রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ।

প্রথমে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক হয়। এতে ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, এলডিপির এমএ বাসারসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকীসহ অন্যান্য নেতারা অংশ নেন।

বিজ্ঞাপন

Recommended For You