
বাংলা রিডার ডেস্ক
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও নির্বাচনি জনসভার মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সফরসূচি অনুযায়ী আগামী ২১ জানুয়ারি (বুধবার) রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন ২২ জানুয়ারি তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর একই দিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।
জনসভা শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। যাত্রাপথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এসব জনসভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, সিলেটের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। দলীয় সূত্রের দাবি, আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনি জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।



