মতপার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয় : তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি দেশের মানুষ ইতোমধ্যেই ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে—এ কথা উল্লেখ করে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ বা সংঘাতের পর্যায়ে না পৌঁছায়।

১০ জানুয়ারি দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, “আমাদের সমস্যা ছিল, এখনও আছে। তবে আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।”

দেশে ফেরার পর বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যেই শুধু নয়, সব প্রজন্মের মানুষের মধ্যেই একটি দিকনির্দেশনা ও আশার প্রত্যাশা তিনি লক্ষ্য করেছেন। তার ভাষায়, “আমরা যারা রাজনীতি করি, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে যদি আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তরিকভাবে কাজ করি, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”

নারীদের নিরাপত্তা বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, নিরাপত্তা শুধু নারীদের নয়—নারী ও পুরুষ সবার জন্যই জরুরি। তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন এমন ঘটনা বারবার ঘটছে, সে বিষয়ে রাজনীতিবিদদের গভীরভাবে ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গণমাধ্যম সম্পাদকদের মধ্যে ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল হাসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গনি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ প্রবাসে থাকার পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এরপর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

Recommended For You