
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তারা একযোগে কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির নির্বাচনী সাফল্য কামনা করা হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করতেই আমরা এখানে এসেছি। মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের শান্তির জন্যও দোয়া করা হয়েছে। আজ থেকেই আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে পারবো বলে আশাবাদী। দেশবাসীর কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।
কবর জিয়ারতে অংশ নেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনম এহসানুল হক মিলন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী লায়ন হারুনুর রশীদ। এছাড়াও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের প্রার্থী আলহাজ ড. জালাল আহমেদ এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের অনুসারী নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কবর জিয়ারতকালে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংশ্লিষ্টদের মতে, এই কবর জিয়ারতের মধ্য দিয়ে চাঁদপুর জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে নতুন উদ্দীপনা ও দৃঢ় প্রত্যয়ের প্রকাশ ঘটেছে।



