
বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। জেলা বিএনপির দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া সফর শেষে তারেক রহমান রংপুরে যাবেন। সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে। এ ছাড়া চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। সে কারণে বগুড়ার সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্ক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। ৫ জানুয়ারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।
এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন তারেক রহমান। সে হিসেবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ায় আসছেন। পাশাপাশি ১২ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি।



