
বাংলা রিডার ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পক্ষ থেকে শোকবার্তা হস্তান্তর করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত শোকবার্তা পাঠিয়েছে। বুধবার দুপুরে সেই শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এর আগে দুপুর ১২টার দিকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। সফর শেষে আজ বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।



