এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ফিরোজায়

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরদেহ ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়ি রওনা দেয়। গাড়িতে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহন করা হচ্ছে।

ফিরোজায় স্বজন ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর জানাজার জন্য মরদেহ নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

বিজ্ঞাপন

Recommended For You