চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র দাখিল

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুরের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলের পর বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনটি তাদের জন্য স্মরণীয়। জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে তিনি মনোনয়ন জমা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে চাঁদপুরকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে তারা যাত্রা শুরু করেছেন। এ জন্য তিনি চাঁদপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান, যাতে চাঁদপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যায়।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গত ১৭ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও স্বাধীন নির্বাচন কমিশনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা। সেই আন্দোলনের ফলেই আজ এই নির্বাচন সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

Recommended For You