
বাংলা রিডার ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এর আগে ঢাকা-১৭ আসনে বিএনপির অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে দলীয় ও জোটগত সিদ্ধান্তের আলোকে তিনি এখন ঢাকা-১৭-এর পরিবর্তে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, এবারের জাতীয় সংসদ নির্বাচনে একাধিক আসন থেকে কেবল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই প্রার্থী হবেন। তবে সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একাধিক আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।



