খালেদা জিয়া সংকটময় সময় পার করছেন: ডা. জাহিদ

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত জটিল ও সংকটপূর্ণ সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে এসে তাঁর মাকে দেখতে যান। তিনি দীর্ঘ সময় মায়ের শয্যার পাশে অবস্থান করেন। একজন সন্তান হিসেবে মায়ের প্রতি তারেক রহমানের গভীর মমত্ববোধ সেখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিন রাত ১০টার দিকে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অনলাইনে যুক্ত থাকেন এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত থাকেন। মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে।

ডা. জাহিদ বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে।

তিনি জানান, এক মাসেরও বেশি সময় ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন।

ডা. জাহিদ বলেন, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে—এমনটি বলার সুযোগ নেই। এখনো তাঁর অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, সেই আশাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ জন্য তারেক রহমান ও তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের চিকিৎসায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। অপ্রয়োজনীয় ভিড় বা অতিউৎসাহী কর্মকাণ্ডের মাধ্যমে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত না করার অনুরোধও জানানো হয়।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তাঁর পরিবার, বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You