
বাংলা রিডার ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান তারা, যেখানে একজন মা নিশ্চিন্ত থাকতে পারেন। তার ভাষায়, লক্ষ্য হলো একটি নিরাপদ বাংলাদেশ—যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এই দেশের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা চায় যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত হোক। এখন সময় এসেছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলার।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



