গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর পূর্বাচল

বাংলা রিডার ডেস্ক

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রাজধানীর ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন তিনি।

প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফেরেন তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় একটি গণসংবর্ধনা মঞ্চ নির্মাণ করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসযোগে তিনি মঞ্চের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।

এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। এ সময় বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি। দলীয় সূত্র জানায়, বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না। বিমানবন্দর থেকে বের হয়ে সামনে থাকা ফুলবাগানে প্রবেশ করে তিনি জুতা খুলে ঘাস ও ফুলগাছের পাশে দাঁড়িয়ে মাটিতে হাত দেন। একমুঠো মাটি হাতে নিয়ে আবেগঘন মুহূর্তে তা নাড়াচাড়া করেন তিনি।

দুপুর ১২টা ৩৫ মিনিটে বাসে ওঠেন তারেক রহমান। বাসে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা। সেখান থেকেই তিনি গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞাপন

Recommended For You