শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে পরবর্তী কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বুধবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে জানানো হয়, আগামী ২৭ ডিসেম্বর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি প্রথমে তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ওই অনুষ্ঠানে তিনিই একমাত্র বক্তা থাকবেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মাকে দেখবেন এবং সেখান থেকে নিজ বাসায় ফিরবেন।

তিনি আরও জানান, ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন। পরে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পঙ্গু হাসপাতালে গিয়ে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল।

বিজ্ঞাপন

Recommended For You