সেনানিবাসে খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টার সংক্ষিপ্ত একান্ত আলাপ

বাংলা রিডার ডেস্ক
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসে পৌঁছেন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি বিকেল ৪টায় রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে উপস্থিত হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সেনাকুঞ্জে পৌঁছার পর খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কয়েক মিনিট একান্তে কথা বলেন। আলাপের বিষয়বস্তু সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের সাইডলাইনে দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। এ সময় প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তার সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও শুভকামনা জানান।

সাক্ষাতের সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

শায়রুল কবির খান আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে সেনানিবাসে যান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে যোগ দেন।

গত বছরও একই দিনে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

Recommended For You