চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তালিকায় নাম না থাকায় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে একই দিনে ফেসবুকে পৃথক রিভিউ পোস্ট করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম

৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক তালিকায় এ দুই জনপ্রিয় নেতার নাম বাদ পড়ার পর থেকেই সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৮ নভেম্বর সকাল থেকে তাদের ফেসবুক পেজে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পোস্ট ভাইরাল হয়ে যায়।

সেদিন সকালে ডা. সরকার শামীম তার ভেরিফায়েড পেজে লিখেন: “চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি রাখছি — REVIEW চাঁদপুর-২।” পোস্টটি মুহূর্তেই ব্যাপক আলোচনার সৃষ্টি করে। শতাধিক মন্তব্যে নেতাকর্মীরা যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।

জানা যায়, ডা. শামীম দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তালিকায় নাম না থাকায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। গত শুক্রবার মতলব দক্ষিণে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যেও তিনি বলেন, “মতলববাসীর প্রত্যাশা পূরণ হয়নি। আমরা উচ্চপর্যায়ে মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।”

নেতাকর্মীদের দাবি—দীর্ঘ আন্দোলনে ত্যাগী নেতা হিসেবে ডা. শামীমের ভূমিকা অনস্বীকার্য। কেউ কেউ বলেন, “চাঁদপুর-২ এর নিরাপদ নেতৃত্ব তিনি-ই।” কৃষক দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জানান, ত্যাগী, পরিচ্ছন্ন ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে তিনি অগ্রগণ্য।

এদিকে একই দিন তানভীর হুদাও তার ফেসবুক পেজে মনোনয়ন পরিবর্তনের আহ্বান জানিয়ে রিভিউ পোস্ট করেন। তার পোস্টেও নেতাকর্মীদের সমর্থন ও প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় নেতারা বলেন—হুদা পরিবার মতলবের রাজনীতিতে ত্যাগ, সততা ও জনগণের নেতৃত্বের প্রতীক। তানভীর হুদাকে শিক্ষিত, দক্ষ ও প্রজন্মের সম্ভাবনাময় নেতা হিসেবেই দেখছেন তারা।

দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, সংগঠন, আন্দোলন ও সাংগঠনিক শক্তির বিচারে তানভীর হুদা অত্যন্ত যোগ্য প্রার্থী এবং তরুণদের জন্য অনুপ্রেরণা।

ঘোষিত প্রাথমিক তালিকাকে ঘিরে এখন মাঠপর্যায়েও নতুন আলোচনা শুরু হয়েছে। বড় একটি অংশের দাবি—চাঁদপুর-২ আসনে পুনর্বিবেচনার মাধ্যমে সাবেক মন্ত্রীর সন্তান তানভীর হুদা, অধ্যাপক ডা. সরকার শামীম অথবা আব্দুস শুক্কুর পাটোয়ারীর মধ্য থেকে যোগ্য কাউকে মনোনীত করা হোক।

বিজ্ঞাপন

Recommended For You